দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ মিশন শুরুর আগে আর্জেন্টিনা দলকে আবেগঘন বার্তা দিয়েছেন সাবেক তারকা আনহেল ডি মারিয়া। জাতীয় দল থেকে অবসর নিলেও লিওনেল মেসিদের প্রতি নিজের অকুণ্ঠ সমর্থনের কথা জানিয়েছেন তিনি।
কানসাস সিটিতে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের উদ্দেশে বিশেষ বার্তা দেন ডি মারিয়া।
২০২৪ সালের কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৮ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। ফলে এবার বিশ্বকাপে মাঠে নামা হচ্ছে না তার। তবে হৃদয়ে যে এখনো আর্জেন্টিনাই আছে, সেটিই তুলে ধরেছেন নিজের বার্তায়।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ডি মারিয়া লিখেছেন, ‘আজ থেকে এক নতুন স্বপ্নের যাত্রা শুরু হলো। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে বলছি, পৃথিবীর শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের পাশে আছি। সেই মাঠে খেলোয়াড় হিসেবে লড়াই করার অনুভূতি আমি জানি, আর এখন একজন সাধারণ ভক্ত হিসেবে সেই লড়াই দেখার অনুভূতিও আমার জানা। আমি শুধু এটুকু বলতে চাই—তোমাদের আজকের এই স্বপ্ন প্রতিটি আর্জেন্টাইনের স্বপ্ন। তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। চলো, এবার সবটুকু উজাড় করে দিয়ে জয় ছিনিয়ে আনি। এগিয়ে চলো, আর্জেন্টিনা!’
ডি মারিয়ার এই বার্তা প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের অন্যতম নায়ক ছিলেন ডি মারিয়া। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোল করেছিলেন তিনি। এরপর ফিনালিসিমাতেও গোল করেন এই ফরোয়ার্ড। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটিও আসে তার পা থেকে।
জাতীয় দলকে বিদায় জানালেও, বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে আর্জেন্টিনার পাশে যে তিনি এখনো আছেন, আবেগঘন এই বার্তায় সেটিই স্পষ্ট করে দিলেন ডি মারিয়া।
এমএস/